চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, নির্বাচন কমিশন ইতিমধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। ডিসেম্বর মাসে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে নির্বাচনের এই রোডম্যাপকে ঘিরে একটি কুচক্রী মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তবে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের মাষ্টার বাজার, এয়ারপোর্ট ও পিংরা বাজারসহ বিভিন্ন এলাকায় বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা কর্মসূচি প্রচারকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, দেশের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপির ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে, মানুষ এটিকে স্বাগত জানাচ্ছে।
জনগণই বিএনপির শক্তি, আর বিএনপি ক্ষমতায় এলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি রাষ্ট্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠন করা হবে।
তানভীর হুদা বলেন, এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। তিনি স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃর্ধা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো, সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, মতলব পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম মিয়াজীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী।