সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি করা ব্লিচিং পাউডারবোঝাই ট্রাকে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রবিবার (২৪ আগস্ট) বিকালে বন্দরের ওয়্যারহাউজের ৩ নম্বর শেডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পণ্য লোড দেওয়ার সময় ট্রাকে আগুন ধরে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে। পরে স্থানীয় শ্রমিক ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বন্দর।
বন্দর কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকাল ৩:৪০ এর দিকে বাংলা ট্রাকে
ব্লিচিং পাউডার লোড দেওয়ার সময় হঠাৎ ট্রাকটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে বন্দরে থাকা অন্য ট্রাকের চালক ও শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেন।
কিন্তু আগুনের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণে আনা যায়নি। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি বন্দর ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
আমদানিকারকের প্রতিনিধি ওবায়দুর রহমান হেলেন বলেন, আমাদের আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে ৬০ টন ব্লিচিং পাউডার আমদানি করেন যা বন্দরের ৩নং ওয়্যারহাউজে রাখা হয়েছিল। রবিবার সকাল থেকে সেসব ব্লিচিং পাউডার বাংলা ট্রাকে লোড দিয়ে আমদানিকারকের কাছে পাঠানো হচ্ছিল।
তিনটি ট্রাকে ৪৫ টন ব্লিচিং পাউডার লোড দিয়ে পাঠানো হয়। চার নম্বর ট্রাকে বাকি ১৫ টন ব্লিচিং পাউডার লোড দেওয়া হচ্ছিল। এর মাঝেই হঠাৎ আগুন লেগে যায়। কী কারণে আগুন লাগলো তা বলতে পারছি না। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বা বন্দর কর্তৃপক্ষ তা বলতে পারবে। আগুনে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হিলি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কাশেম বলেন, ‘আমরা হিলি পোর্টে আগুন লাগার খবর পেয়ে ৩টা ৫০ মিনিটে আসি। এরপর বন্দরের ভেতরে এসে দেখি, একটি ট্রাকে ব্লিচিং পাউডার, সেটাতে আগুন লেগেছে। আমরা এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে।’