মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধীনস্থ কচুছড়ি মুখ বিওপির টহল দল এ অভিযান চালায়। টহল দলের নেতৃত্ব দেন বিওপি কমান্ডার হাবিলদার মো. শাহ আলম।
আটককৃত ব্যক্তির নাম কামিনী কুমার ত্রিপুরা (৩২)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইশ্যাবাড়ি এলাকার শ্রী কেম্পিজি ত্রিপুরার ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, নিয়মিত টহলের সময় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে বিজিবি সদস্যরা তাকে পানছড়ি থানায় হস্তান্তর করে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং আদালতে প্রেরণ করা হবে।