সাইফুল ইসলাম, কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর মহিপুরে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১০টায় থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ হাসানের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) অনিমেষ হালদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার, কলাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম মাহাবুব হোসেন এবং কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক মোঃ নাজমুল আহসান।
এসময় মহিপুর থানার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মামলার বাদী ও স্থানীয় সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্যে মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার অভিযোগ করেন, সমাজে মাদকের বিস্তারের জন্য আওয়ামী লীগ সরকার দায়ী। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে চাকরির পরিবর্তে যুবকদের হাতে মাদক তুলে দিয়েছ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিপুর ইউনিয়ন সভাপতি তোফাজ্জেল হোসাইন সিপাহী বলেন, পূর্বের তুলনায় বর্তমানে পুলিশের ইতিবাচক পরিবর্তন হলেও এখনও কিছু অসৎ কর্মকর্তা ঘুষ বাণিজ্য ও দুর্নীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এছাড়া অন্যান্য অতিথিরা সমাজের মাদক, পতিতাবৃত্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নানা সমস্যার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ বলেন, জনগণের সেবায় পুলিশ সবসময় বদ্ধপরিকর।
যে কোনো সমস্যায় সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করুন। যদি থানার পক্ষ থেকে অবহেলার শিকার হন, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া শান্তি ও শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস স্থাপনের মাধ্যমেই অপরাধ দমন সম্ভব।