শরীয়তপুরে গভীর রাতে মুখোশ পরে তিনটি স্থানে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতের আঁধারে সংঘটিত এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে সদর উপজেলার ডোমসা ও জাজিরার বিলাসপুর এলাকায় অভিযান চালায়। এসময় কাউসার ফকির (২৮), মামুন খান (২৬), আবদুল মান্নান বেপারী (২৩), মুন্না খান (২৫), শামীম মাদবর (২৮) ও আসাদ মুন্সি (১৮) — এই ছয়জনকে আটক করা হয়।
ছাত্রলীগের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ ‘বাংলাদেশ স্টুডেন্টস লীগ’-এ পোস্ট করা ভিডিওতে দেখা যায়, মুখোশ পরিহিত ছাত্রলীগ নেতাকর্মীরা শেখ মুজিবুর রহমানের ছবি সামনে মোমবাতি জ্বালিয়ে দোয়া করছে এবং শেখ মুজিব ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে স্লোগান দিচ্ছে। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম জানান, বিলাসপুরের মুন্সিকান্দি এলাকায় রাত ১২টা থেকে ১টার মধ্যে কয়েকজন ছাত্রলীগ কর্মী একত্র হয়ে মোমবাতি জ্বালিয়ে স্লোগান দেয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে, বাকিরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন।
শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে কিছু ব্যক্তি মুখোশ পরে বিভিন্ন স্লোগান দিয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হচ্ছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে যাতে ভবিষ্যতে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড আর ঘটতে না পারে।