রাজধানীর পল্লবীর আলব্দিরটেক এলাকায় ৫ কোটি টাকা চাঁদা না দেওয়ায় ‘এ কে বিল্ডার্স’ নামের একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা।
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় গুলিবর্ষণের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পল্লবী থানার ওসি শফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান,
“২৫-৩০ জনের একটি দল ত্রাস সৃষ্টি করার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটিতে গুলি চালায়। আমরা ঘটনাটি তদন্ত করছি, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, চাঁদার দাবিতে জামিল নামের এক ব্যক্তি তিন সপ্তাহ আগে এ কে বিল্ডার্সের চেয়ারম্যান মো. কাইউম আলী খানের কাছে ৫ কোটি টাকা দাবি করেন। দাবি না মানায় সন্ত্রাসীরা দুইবার হামলা চালায় এবং শুক্রবার তারা আরও বড় আকারে ৩০-৪০ জনের একটি দল নিয়ে হামলা চালিয়ে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানের এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন এবং তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ কে বিল্ডার্স চেয়ারম্যানের ছেলে আমিমুল এহসান বলেন,
“সন্ত্রাসীরা আমাদের অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়, সিসি ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। আমাদের নিরাপত্তা এখন হুমকির মুখে।”
ঘটনার বিষয়ে পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া বলেন,
“আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। আহত শরিফুল ইসলাম হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি মামলা দায়ের করবেন। সন্ত্রাসীদের শনাক্তে কাজ চলছে, শিগগিরই গ্রেপ্তার হবে।”
এই ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এবং ব্যবসায়ী মহলে নিরাপত্তা হুমকি নিয়ে উদ্বেগ বেড়েছে।