রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরে একটি মহিলা মাদ্রাসায় ঘটে গেলো এক হৃদয়বিদারক দুর্ঘটনা।
মঙ্গলবার (৩ জুন) ভোর ৪টা ৫০ মিনিটে বহরপুর নূরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় পানির ট্যাংক খুঁটির ওপর থেকে ভেঙে পড়লে মারা যায় ১৩ বছর বয়সী ছাত্রী কানিজ ফাতেমা। আহত হয় আরও এক ছাত্রী।
নিহত কানিজ ফাতেমা কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চর শ্রীপুর গ্রামের মো. কাউসারের কন্যা। তিনি ওই মাদ্রাসার মক্তব বিভাগে পড়াশোনা করতেন। আহত ছাত্রী মিম আক্তার (১৪) বহরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামের মো. জসিম উদ্দিনের মেয়ে। তিনি হেফজ বিভাগে অধ্যয়নরত।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে কানিজ ও মিম ওযু করতে যান। এ সময় ওযুখানার পাশে সিমেন্টের খুঁটির ওপর স্থাপিত এক হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংকটি হঠাৎ খুঁটি ভেঙে তাদের ওপর পড়ে।
ট্যাংকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান কানিজ ফাতেমা। গুরুতর আহত মিমকে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরবর্তীতে তার মাথায় সেলাই করে তাকে বাড়িতে পাঠানো হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই পানির ট্যাংকটির খুঁটি দুর্বল অবস্থায় ছিল। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।