মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিনা অপরাধে অসংখ্য নিরীহ ছাত্র-জনতাকে অন্যায়ভাবে হত্যা করেছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও অন্যায়ভাবে শেখ হাসিনার নির্দেশে তার দোসররা গুলি করে ছাত্র-জনতাকে হত্যা করেছে। আমরা ছাত্র-জনতাকে হত্যাকারীদের বিচারের দাবি করছি। দ্রুত আইনের মাধ্যমে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনকে অনুরোধ করছি।
সারা দেশে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
বুধবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের পাশে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
জেলা বিএনপির সহ-সভাপতি আজাদ হোসেন খানের সভাপতিত্বে ও বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
এ সময় বক্তব্য দেন- যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, দপ্তর সম্পাদক মো.আরিফ হোসেন লিটন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল রহমান খান সজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান, সদস্য সচিব অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রাকিব, পেশাজীবী পরিষদের নেতা সরকার মাসুদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সদস্য সচিব গৌরাঙ্গ কুমার সরকার, শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদেরসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।