নেত্রকোনা প্রতিনিধি :
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন, বোরো ফসল উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য চাহিদা পূরণ করে হাওর পাড়ের মানুষ। কৃষকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এসব ফসল উৎপাদন হয়। হাওরে এ সোনার ফসল তুলতে গিয়ে বজ্রপাতে অনেক কৃষক মৃত্যু বরণ করেন। এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যু হাড় কমাতে তালগাছ লাগাতে হবে। বন বিভাগ মাধ্যমে হাওরে প্রচুর পরিমাণে তালগাছ লাগানো হবে।
শনিবার দুপুরে মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরে ধান কাটা উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অতিবৃষ্টির কারণে হাওরের জলাবদ্ধতা তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধান করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতৃবৃন্দ প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছেন। যেখানে বাঁধ কেটে পানি নিষ্কাশন করার প্রয়োজন হয়েছে সেখানে বাঁধ কেটে পানি নিষ্কাশন করা হয়েছে। আবার যেখানে বাঁধ দেওয়ার প্রয়োজন হয়েছে সেগুলো করা হয়েছে। তবে স্থায়ীভাবে এ সমস্যাগুলো সমাধান করতে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে আগামী মৌসুমের মধ্যেই সমাধান করার ব্যবস্থা করবো।
বাবর আরও বলেন, কৃষকের ধান কর্তনের জন্য এবং ফসল তুলে আনার জন্য জ্বালানি তেল সংকট হবে না। সেজন্যে উপজেলা প্রশাসন মনিটরিং করছে। পর্যাপ্ত পরিমাণে তেল আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ সরকারের আমরা প্রতিনিধি হিসেবে জ্বালানি তেলের ব্যবস্থা করব। প্রতিটা হারভেস্টার মেশিন এবং ট্রাক্টর গাড়ির জন্য ১০০ লিটার করে তেল বরাদ্দ করা হয়েছে। আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। এর বেশি প্রয়োজন হয় তাও ব্যবস্থা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা, মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম খারনৈ, সাধারণ সম্পাদক এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।