কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আয়োজনে ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের পুরাপাড়া বাজারে দুস্থদের মাঝে ইফতার বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় সোবহান মাতুব্বর (৪২) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে পুড়াপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে পাশের সালথা উপজেলায় দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
ভাইরাল ভিডিও ও খোঁজ নিয়ে জানা যায়, ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর দিকনির্দেশনায় জেলা যুবলীগ নেতা হাসিবুর রহমান ফারহান, নগরকান্দা শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, উপজেলার তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিবুজ্জামান লস্কর, পুরাপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা দেলোয়ার ফকির রিগান, যুবলীগ নেতা সোবহান মাতুব্বরের সার্বিক সহযোগিতায় পুরাপাড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগের কারাবন্দি নেতাকর্মীদের জন্য দোয়া ও এলাকার দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় তারা ‘জয়বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ সহ বিভিন্ন স্লোগান দেয়।
রোববার (১৫ মার্চ) বিকালে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের পুরাপাড়া বাজারে দুস্থদের মাঝে ইফতার বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে।
তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিবুজ্জামান লস্কর বলেন, ইফতার বিতরণ করায় আমার প্রিয় সহযোদ্ধা পুরাপাড়া ইউনিয়ন যুবলীগ কর্মী সোবহান মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, পুলিশ তাকে গ্রেফতারের সময় বলে, ‘ইফতার বিতরণ তোর অপরাধ না, তোর অপরাধ ইফতার বিতরণের সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া।’
সোবহান মাতুব্বরকে গ্রেফতার করার বিষয়টি স্বীকার করে নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, পুরাপাড়া বাজারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আয়োজনে ইফতার বিতরণের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ওই ভিডিওতে সোবহানকে দেখা যায়। সোবহান সালথা থানায় এর আগে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। এজন্য তাকে গ্রেফতার করে সালথা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।