মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ
নাটোর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ। রবিবার (১৫ মার্চ) সরকারের এক প্রজ্ঞাপনে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হলে নাটোর জেলার দায়িত্ব পান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি নাটোর জেলার রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন। তিনি বিগত আ’লীগ সরকারের নির্মম নির্যাতনের শিকার একজন ত্যাগী নেতা।
রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকার পাশাপাশি রহিম নেওয়াজ এলাকায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। স্থানীয় মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
নাটোর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রম জোরদারের বিষয়ে কাজ করবেন বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।
এদিকে তাকে নাটোর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার খবরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।
উল্লেখ্য, একই দিনে দেশের বিভিন্ন জেলার মোট ৪২ জনকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এর মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।