মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার কামারখাড়া গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলোর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক এবং সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহেন শাহ।
দোয়া মাহফিলে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপলক্ষে নগদ অর্থ ও বিভিন্ন ধরনের ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল জব্বার, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আত্মার মাগফেরাত কামনা করে সবাইকে দোয়া করার আহ্বান জানান তারা।