সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দলের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া। তিনি বলেছেন, পুলিশ বা প্রশাসনের কোনো কর্মকর্তার সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব বা অপ্রীতিকর পরিস্থিতিতে জড়ানো যাবে না।
সোমবার (৯ মার্চ) বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলা কমপ্লেক্স হলরুমে উপজেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতারুজ্জামান মিয়া বলেন, কোনো ব্যক্তিগত প্রয়োজনে সরকারি দপ্তরে গেলে শালীনতা বজায় রাখতে হবে। কারও কোনো কাজ থাকলে তা ব্যক্তিগতভাবে করার পরামর্শ দেন তিনি। কাজ না হলে আমি আছি। কিন্তু সরকারি অফিসে গিয়ে কর্মকর্তা-কর্মচারী কিংবা পুলিশের সঙ্গে কোনো প্রকার বেয়াদবি করা চলবে না।
তিনি আরও বলেন, সরকারি অফিসে গিয়ে কর্মকর্তা-কর্মচারী কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দলীয় শৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, দেশ এখন একটি সংবেদনশীল সময় পার করছে। সামনে আরও নানা চ্যালেঞ্জ আসতে পারে। তাই দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সতর্কতার সঙ্গে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, অতীতে আন্দোলন বা হরতালের সুযোগ থাকলেও এখন পরিস্থিতি অনেক ভিন্ন। আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা অত্যন্ত সক্রিয় রয়েছে। এ অবস্থায় কোনো সুযোগসন্ধানী বা স্বাধীনতাবিরোধী গোষ্ঠী যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
গুজব ও অপপ্রচার সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, এখন এমন সময় এসেছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কারো মানহানি করা হচ্ছে। সাধারণ মানুষ বুঝতে পারে না কী সত্য, কী মিথ্যা। শুধু গুজব রটনাকারীরাই এসব জানে। তাই তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।