মো: হোসেন, মনপুরা (ভোলা) প্রতিনিধি
গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় হাঁসের বাচ্চা বিতরণ কর্মসূচি আয়োজন করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স।
কর্মসূচির আওতায় ১০০টি পরিবারের মাঝে মোট ৩ হাজার হাঁসের বাচ্চা বিতরণ করা হয়“
একটি হাঁস বদলে দিতে পারে একটি পরিবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় উপজেলার বাঁধেরহাট ব্রাঞ্চে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স সূত্রে জানা যায়, সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রতিটি পরিবারকে ২০টি করে হাঁসের বাচ্চা বিনামূল্যে দেওয়া হয়। পাশাপাশি অতিরিক্ত ১০টি করে হাঁসের বাচ্চা স্বল্পমূল্যে সংগ্রহের সুযোগ দেওয়া হয়। ফলে প্রতিটি পরিবার মোট ৩০টি করে হাঁসের বাচ্চা পায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) আব্দুল মালেক জমাদার, বিশ্বজিৎ কুমার ঘোষ, মো. হাফিজুর রহমান (বিডিসি) ভোলা, মো. শাহীন রেজা (বিডিইউ), সহকারী এলাকা ব্যবস্থাপক মো. আহাদুল ইসলাম এবং শাখা ব্যবস্থাপক পিন্টু বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ ব্র্যাক মনপুরা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, হাঁস পালন তুলনামূলক সহজ এবং গ্রামীণ পরিবেশে এটি লাভজনক একটি উদ্যোগ। এর মাধ্যমে দরিদ্র পরিবারগুলো অতিরিক্ত আয়ের সুযোগ পাবে এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
কর্মসূচির সুবিধাভোগীরা জানান, হাঁস পালন করে ডিম উৎপাদন ও বাচ্চা বিক্রির মাধ্যমে তারা বাড়তি আয় করতে পারবেন, যা তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।