মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালিমা মধুপুর মাদরাসায় ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রোববার আসরের নামাজের পর তিনি মাদরাসা প্রাঙ্গণে পৌঁছে আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুরের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। পরে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।
মাদরাসায় পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মুন্সিগঞ্জের জেলা প্রশাসক নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম। আয়োজকরা জানান, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর অংশগ্রহণে ইফতার মাহফিলটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পৈত্রিক বাড়ি সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায়। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি নিজ এলাকায় আসেন। তিনি প্রয়াত রাজনীতিক, সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন–এর মেয়র সাদেক হোসেন খোকার পুত্র। তিনি ঢাকা-৬ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হান্নান এবং খতমে নবুয়াত সংরক্ষণ কমিটির ভাইস চেয়ারম্যান আবু আম্মার আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার ও দোয়া মাহফিলের আগে পীর সাহেব মধুপুর প্রতিমন্ত্রীর হাতে ধর্মীয় বই ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। এ সময় সাংবাদিকরা বক্তব্য চাইলে ইশরাক হোসেন বলেন, তিনি পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া নিতে এসেছেন। এদিন কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেবেন না উল্লেখ করে তিনি দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।