পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর-এর বরণ, মতবিনিময়, ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
গত ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৪টায় গলাচিপা উপজেলা রেস্ট হাউজ সংলগ্ন মাঠে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন,
“দেশকে এগিয়ে নিতে হলে সর্বপ্রথম শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষকদেরকে দ্বিতীয় শ্রেণিতে রেখে তাঁদের কাছ থেকে প্রথম শ্রেণির নাগরিক গড়ে তোলার আশা করা যায় না।”
এরপর তিনি ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। বিকাল ৫টা ৩০ মিনিটে গলাচিপা উপজেলা প্রশাসনের মাঠ অফিস চত্বরে ‘সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নাগরিক ভাবনা’ শীর্ষক উন্মুক্ত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে অংশ নেন।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, গলাচিপার জনগণ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করায় তিনি কৃতজ্ঞ। দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত গলাচিপা গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
পর্যায়ক্রমে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, গলাচিপা প্রেসক্লাব ও টেলিভিশন ফোরামের সাংবাদিকবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন।
প্রতিমন্ত্রী নুরুল হক নুরের গলাচিপায় প্রথম শুভ আগমন উপলক্ষে গলাচিপা শিক্ষা পরিবার, ব্যবসায়ী সমাজ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।