কলাপাড়া,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটায় দোকানঘরের জায়গার মালিকানা নিয়ে বিরোধের জেরে এক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও হুমকির ঘটনায় বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা মো. মাকছুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জায়গা-জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিডিওতে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও উত্তেজনাকর পরিস্থিতির দৃশ্য দেখা যায়।
ঘটনার পর ভুক্তভোগী দোকান মালিক মনির বাদী হয়ে মহিপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় হামলা, ভাঙচুর, হুমকি ও চুরির অভিযোগ আনা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাকছুদকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া চাঁদাবাজির অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনো চলমান রয়েছে।
এদিকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. মাকছুদকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখা।
জেলা সভাপতি মো. মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, জায়গা-জমির মালিকানা সংক্রান্ত বিরোধ থেকেই ঘটনার প্রাথমিক সূত্রপাত। অভিযোগের সব দিক খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।