ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন মোনামী বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি–র হত্যাকাণ্ডের বিচার রাজপথ দখল না করা পর্যন্ত আদায় হবে না। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
মোনামী বলেন, হাদি হত্যার বিচারের দাবিতে যারা শাহবাগে সমবেত হয়েছেন, তারা সবাই একটিমাত্র দাবিতেই এসেছেন—দ্রুত ও দৃশ্যমান বিচার। তিনি বলেন, “এখানে আরও বেশি মানুষ আসা দরকার। শুধু একই মুখ বারবার নয়, সব বয়স ও পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। জুলাইয়ে যেমন শাহবাগে বিশাল জনসমুদ্র তৈরি হয়েছিল, তেমন জনসমাগম আবার গড়ে তুলতে হবে।”
ঢাবি শিক্ষক আরও বলেন, “আমার মনে হয় না, আমরা যতক্ষণ না রাস্তায় নামব এবং রাজপথ দখল করব, ততক্ষণ আমার ভাইয়ের হত্যার বিচার হবে। আমরা অনেক দিন ধরে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। রাষ্ট্রের উচিত নয় আমাদের এইভাবে পরীক্ষা নেওয়া।”
সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশকারীদের উদ্দেশে তিনি বলেন, শুধু অনলাইনে শোক জানিয়ে দায়িত্ব শেষ হয় না। বাস্তব বিচারের দাবিতে সবাইকে রাজপথে এসে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। একপর্যায়ে এই অবস্থান কর্মসূচি অবরোধে রূপ নেয়। বিকেলে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।