নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও কম্পন অনুভূত হয়েছে গাজীপুরের বাইপাইলে। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রে দায়িত্বরত পেশগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ জানান, “এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল গাজীপুরের বাইপাইল এলাকা। স্থায়ী ক্ষতির মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি, তবে টানা কম্পনে জনমনে আতঙ্ক বাড়ছে।”
এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী সেই কম্পনে পুরো রাজধানীসহ নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইলসহ একাধিক জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবন দুলে ওঠার পর বহু মানুষ দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
গতকালের ভূমিকম্পে প্রাণহানি হয়েছে ১০ জনের। এর মধ্যে ঢাকায় ৪ জন, নরসিংদীতে ৫ জন এবং নারায়ণগঞ্জে ১ জন মারা যান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে কয়েকশ মানুষ আহত হন। বিশেষ করে নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তিস্থল হওয়ায় সেখানকার ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ ছিল বেশি।
টানা দুই দিনের ভূমিকম্পে রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে বাসিন্দাদের মধ্যে বাড়তি উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অল্প সময়ের ব্যবধানে বারবার কম্পন ভূ-ত্বকের চাপ সঞ্চয়ের ইঙ্গিত হতে পারে। এজন্য বহুতল ভবনে বিল্ডিং কোড কঠোরভাবে মানা, ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন এবং জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন তারা।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সতর্কতা দিয়ে যেকোনো আপডেট জানানো হবে।