রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি মেট্রোরেলের ট্র্যাক লাইনে জর্দার কৌটার ভেতরে স্কচটেপে মোড়ানো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এমআরটি পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে বিষয়টি নজরে আসে। পরবর্তীতে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি নিরাপদে অপসারণ করে।
এমআরটি পুলিশের ইনস্পেক্টর (তদন্ত) সোহেল চৌধুরী জানান, মেট্রোরেলের ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপর থেকে অবিস্ফোরিত ককটেলগুলো উদ্ধার করা হয়। তিনি বলেন, ‘‘আমরা সকাল ৯টার দিকে খবর পাই। লাইনে মেইনটেনেন্সের দায়িত্বে থাকা কর্মীরা সর্বপ্রথম ককটেল দুটি দেখতে পান।’’ তিনি নিশ্চিত করেন, মেট্রোরেল লাইনে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কাফরুল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ককটেল রাখার ঘটনার কোনো ভিডিও ফুটেজ আছে কি না জানতে চাইলে ইনস্পেক্টর সোহেল জানান, ওই উচ্চতায় সিসিটিভি না থাকায় সরাসরি ফুটেজ পাওয়া সম্ভব নয়। তবে পুলিশ আশপাশের ভবন ও নিচের দোকানগুলোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আসছে দুর্বৃত্তরা। পাশাপাশি বিভিন্ন স্থানে অবিস্ফোরিত ককটেলও উদ্ধার হচ্ছে নিয়মিত। সর্বশেষ একটি বিস্ফোরণে ডিএমপির পল্লবী থানার একজন এএসআই আহত হন। এসব ঘটনায় সন্দেহভাজন হিসেবে ইতোমধ্যে বহু ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।