ঢাকার সিটি কলেজের সামনের সড়ক দিয়ে দুটি বুলডোজার ধানমন্ডি ৩২–এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। একদল তরুণ বুলডোজারগুলোর সঙ্গে হাঁটছেন। পরিচয় জানতে চাইলে তারা জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা সেখানে উপস্থিত আছেন।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা প্রথম মামলার রায় আজ ঘোষণা হচ্ছে।
এ রায়কে কেন্দ্র করে পুরো রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শহরজুড়ে চেকপোস্ট বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি চালানো হচ্ছে। সোমবার সকাল থেকেই রাজধানীর প্রধান মোড়, গুরুত্বপূর্ণ সড়ক ও কৌশলগত স্থানে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণ দিনের তুলনায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা সড়কে অনেক কম। গত কয়েক দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটায় নাশকতার শঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর দোয়েল চত্বর থেকে শিক্ষাভবন অভিমুখী সড়ক বন্ধ রাখা হয়েছে। সন্দেহভাজনদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে।