মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজধানী

‘আমরা আটকে গেছি, বের হতে পারছি না’, বাবার সঙ্গে শেষ কথা ছিল আলোর

“কারখানায় আগুন লেগেছে, আমরা আটকে গেছি, বের হতে পারছি না।” এরপরও ফোনে কল বাজলেও আর কোনো সাড়া মেলেনি। কিছুক্ষণ পর থেকেই ফোনটি বন্ধ হয়ে যায়।

নিউজ ডেস্ক

১৪ অক্টোবর ২০২৫, ২৩:১২

রাজধানীর রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিভে গেল ১৮ বছর বয়সী তরুণী মার্জিয়া সুলতানা আলোর জীবন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শিয়ালবাড়ি এলাকার চারতলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘আরিয়ান ফ্যাশন’ পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারান অন্তত ১৬ জন শ্রমিক। নিহতদের মধ্যে রয়েছেন আলো ও তার স্বামী মো. জয়ও, যাদের বিয়ে হয়েছিল মাত্র তিন মাস আগে।

দগ্ধ শ্রমিকদের স্বজনরা জানিয়েছেন, আগুন লাগার পর আলো শেষবার বাবাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলেন,

“কারখানায় আগুন লেগেছে, আমরা আটকে গেছি, বের হতে পারছি না।” এরপরও ফোনে কল বাজলেও আর কোনো সাড়া মেলেনি। কিছুক্ষণ পর থেকেই ফোনটি বন্ধ হয়ে যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ১১টা ৩০ মিনিটের দিকে কেমিক্যাল গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১২টি ইউনিট প্রায় তিন ঘণ্টা ধরে চেষ্টা চালায়। বিকেলে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করে।

মরদেহ শনাক্তের জন্য নিহতদের স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করেছেন। হাসপাতালের মর্গের সামনে আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। নিহতদের অনেকেই নারী শ্রমিক, যারা পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন।

জয়ের মা শিউলী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ভালো থাকার আশায় ছেলে এই কারখানায় কাজ নিয়েছিল। এখন ছেলে-বউ দুজনকেই খুঁজে পাচ্ছি না।”

মুন্নী আক্তার নামের আরেক শ্রমিকও নিখোঁজ রয়েছেন। তার শ্বাশুড়ি তাহেরা বেগম বলেন, “সকালে নাশতা খেয়ে কাজে গিয়েছিল, এখন আর খোঁজ পাচ্ছি না।”

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেমিক্যাল গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। গোডাউনের দাহ্য পদার্থে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।”

এদিকে, এলাকাবাসীর দাবি— পোশাক কারখানাটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। সরু গলির কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়, যা হতাহতের সংখ্যা বাড়িয়েছে।

দুপুরের পর থেকেই পোশাক শ্রমিকদের মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা অভিযোগ করেন, পুরনো ভবনটিতে নিরাপত্তা ব্যবস্থা ছিল না, এমনকি পর্যাপ্ত জরুরি নির্গমন পথও ছিল না।

রাত সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি অ্যাম্বুলেন্সে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দেশজুড়ে এই দুর্ঘটনা গভীর শোকের ছায়া ফেলেছে। নিরাপত্তাহীন পোশাক কারখানা, দাহ্য পদার্থের অবাধ ব্যবহার এবং মানবিক অবহেলার এই নির্মম উদাহরণ আবারও প্রমাণ করল— বাংলাদেশের শিল্পখাত এখনো শ্রমিকজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ।

রাজধানী

আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত মধ্যরাতে টঙ্গী থেকে গ্রেপ্তার

৫০ কোটি টাকার বেশি ব্ল্যাকমেইল ও মামলাবাণিজ্যের অভিযোগে আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী–কে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ব্ল্যাকমেইল, মামলাবাণিজ্য ও প্রতারণার অভিযোগে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অনুসন্ধান চলছিল। সাম্প্রতিক সময়ে গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় […]

আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত মধ্যরাতে টঙ্গী থেকে গ্রেপ্তার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১২

৫০ কোটি টাকার বেশি ব্ল্যাকমেইল ও মামলাবাণিজ্যের অভিযোগে আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী–কে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ব্ল্যাকমেইল, মামলাবাণিজ্য ও প্রতারণার অভিযোগে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অনুসন্ধান চলছিল। সাম্প্রতিক সময়ে গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায়ের ঘটনায় তদন্ত জোরদার হলে তাহরিমা জান্নাত সুরভীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়।

তদন্তে আরও উঠে এসেছে, এই চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে মোট প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অভিযোগ অনুযায়ী, গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ধাপে ধাপে অর্থ আদায় করা হতো।

ভুক্তভোগীদের অভিযোগ, মামলার আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে ‘মীমাংসা’ করে দেওয়ার প্রলোভনে বিপুল অঙ্কের টাকা দাবি করত চক্রটি। এই প্রতারণার মূল নেতৃত্বে ছিলেন তাহরিমা জান্নাত সুরভী।

পুলিশ জানায়, তাহরিমা গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড ও লক্ষ্যভিত্তিক লাইভের মাধ্যমে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, এই পরিচিতিকে কাজে লাগিয়ে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতেন এবং পরবর্তীতে ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন।

গ্রেপ্তারকৃত তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্তে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানী

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। বিস্তারিত আসছে…

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৪

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন।

বিস্তারিত আসছে…

রাজধানী

সব শঙ্কা কাটিয়ে মনোনয়ন টিকতেই আল্লাহর দরবারে প্রকাশ্যে সেজদায় লুটিয়ে পড়লেন তোজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক তোজাম্মেল হক তোজার মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। রোববার (৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দৃশ্যের অবতারণা হয়। মনোনয়ন বৈধ হওয়ার খবর জানার পর মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রকাশ্যেই সেজদায় লুটিয়ে পড়েন তোজাম্মেল […]

নিউজ ডেস্ক

০৪ জানুয়ারী ২০২৬, ২২:৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক তোজাম্মেল হক তোজার মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। রোববার (৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দৃশ্যের অবতারণা হয়।

মনোনয়ন বৈধ হওয়ার খবর জানার পর মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রকাশ্যেই সেজদায় লুটিয়ে পড়েন তোজাম্মেল হক তোজা। এ সময় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। তার এই আবেগঘন প্রতিক্রিয়া সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং মুহূর্তেই আলোচনার সৃষ্টি হয়।

তোজাম্মেল হক তোজা বলেন, সব প্রতিকূলতা ও শঙ্কা কাটিয়ে মনোনয়ন বৈধ হওয়া তার জন্য আল্লাহর বিশেষ রহমত। তিনি বলেন, জনগণের ভোট ও ভালোবাসার ওপর আস্থা রেখেই তিনি নির্বাচনে অংশ নিতে চান। একই সঙ্গে তিনি মানিকগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, যাচাই-বাছাই শেষে মানিকগঞ্জ জেলার বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হলেও তোজাম্মেল হক তোজার মনোনয়ন বৈধ হওয়ায় এই আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।