ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যেই বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের মধ্যে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
এ ছাড়া দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা আকারে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ৩ মিনিটে।