সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলা আওয়ামী লীগের দীর্ঘদিন বন্ধ থাকা কার্যালয়ে হঠাৎ নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগান দেওয়ার ঘটনাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে এ ঘটনার প্রতিবাদে বিকেলে কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে প্রায় ১৮ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মী জড়ো হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন এবং কার্যালয়ের সামনে ছবি ও সেলফি তোলেন। এরপর তারা ভবনের ভেতরে প্রবেশ করে কিছু সময় অবস্থান করেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব সুমন, সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ সালাহ উদ্দিন দিলীপ, স্বেচ্ছাসেবক লীগের সদস্য রুহানা নিশাত বিথী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুজ্জামান, পাল্টাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী জানান, কার্যালয়ের দরজা-জানালা আগেই ক্ষতিগ্রস্ত ছিল। কারা সেখানে গিয়ে স্লোগান দিয়েছেন তা যাচাই করা হচ্ছে। গোয়েন্দা সংস্থাও বিষয়টি তদন্ত করছে। তিনি বলেন, সংশ্লিষ্ট কার্যক্রম নিষিদ্ধ থাকায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্টের হামলার পর থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়টি বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দীর্ঘ বিরতির পর সেখানে নেতাকর্মীদের উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
অন্যদিকে, একইদিন বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। এক পর্যায়ে তারা ভবনের ভেতরে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রকাশ্যে উপস্থিতি ও স্লোগানের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।