রাজধানীর পল্লবীর আহছানিয়া মিশন স্কুল ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন আমিনুল হক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে ঢাকা-১৬ আসনে বিএনপির এ প্রার্থী কেন্দ্রে প্রবেশ করে ভোট দেন। এ সময় তার ছেলে ও মেয়ে সঙ্গে ছিলেন। ভোট দেওয়ার পর তিনি কেন্দ্র পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
আমিনুল হক বলেন, জামায়াতের বাস্তব কোনো জনসমর্থন নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে বট বাহিনী ব্যবহার করে সমর্থন পাওয়ার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা নেই।
তিনি আরও অভিযোগ করেন, বুধবার রাতে বিভিন্ন কেন্দ্রে জামায়াতের নেতাকর্মীরা টাকা বিতরণ করতে গিয়ে ধরা পড়েছেন এবং কেন্দ্র দখলের চেষ্টাকালে অনেকে গ্রেপ্তার হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপির নেতাকর্মীদের সতর্কতায় এসব চেষ্টা প্রতিহত করা গেছে বলে মন্তব্য করেন তিনি।
ভোটগ্রহণ সুষ্ঠু হচ্ছে বলেও জানান আমিনুল। তিনি বলেন, জনগণের রায়ের প্রতি তারা আস্থাশীল এবং ফলাফল যাই হোক তা মেনে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করবেন।
এদিকে ঢাকা-১৬ আসনের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং ভোটারদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।