ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধসংক্রান্ত প্রজ্ঞাপন অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্ধারিত সময়ের মধ্যে এ সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে নির্বাচন ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে দলটি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে প্রজ্ঞাপন বাতিল না হলে কর্মসূচি পালনের ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের। দুপুরে এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাত্র দুই দিন আগে নির্বাচন কমিশনের এ ধরনের সিদ্ধান্ত অযৌক্তিক ও প্রশ্নবিদ্ধ। এতে ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে নির্বাচন কমিশন ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করে নতুন নির্দেশনা জারি করে। এ নির্দেশনায় বলা হয়েছে, প্রিসাইডিং অফিসারসহ নির্দিষ্ট তিন শ্রেণির ব্যক্তি ছাড়া কেউ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।
রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে চিঠি পাঠান নির্বাচন কমিশন–এর সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম।
নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কেবল ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য মোবাইল ফোন বহন করতে পারবেন। অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ওই এলাকায় প্রবেশ করতে পারবেন না।
এ সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।