শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাবি শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

আতিকুর রহমান, রাবি প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে চলছে নানা আলোচনা ও মূল্যায়ন। দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এই নির্বাচনের দিকে তাকিয়ে শিক্ষার্থীদের মধ্যে যেমন রয়েছে পরিবর্তনের প্রত্যাশা, তেমনি রয়েছে নির্বাচন প্রক্রিয়া ও ফলাফল নিয়ে বাস্তবধর্মী চিন্তা। রাবি শিক্ষার্থীদের একটি বড় অংশ জাতীয় নির্বাচনকে গণতান্ত্রিক […]

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাবি শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০০:৩০

আতিকুর রহমান, রাবি প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে চলছে নানা আলোচনা ও মূল্যায়ন। দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এই নির্বাচনের দিকে তাকিয়ে শিক্ষার্থীদের মধ্যে যেমন রয়েছে পরিবর্তনের প্রত্যাশা, তেমনি রয়েছে নির্বাচন প্রক্রিয়া ও ফলাফল নিয়ে বাস্তবধর্মী চিন্তা।

রাবি শিক্ষার্থীদের একটি বড় অংশ জাতীয় নির্বাচনকে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার প্রধান মাধ্যম হিসেবে দেখছেন। তাঁদের ভাবনায়, নিয়মিত ও অংশগ্রহণমূলক নির্বাচনই রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামত প্রতিফলনের প্রধান পথ। দীর্ঘ সময় পর একটি গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন হওয়ায় তরুণদের মধ্যে ভোটাধিকার ও নাগরিক দায়িত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে নির্বাচনের গ্রহণযোগ্যতা রাবি শিক্ষার্থীদের ভাবনার কেন্দ্রীয় বিষয়। ক্যাম্পাস আলোচনায় উঠে আসছে—ভোটের পরিবেশ কতটা অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। নির্বাচন কমিশনের ভূমিকা, প্রশাসনের নিরপেক্ষতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি শিক্ষার্থীদের ভাবনায় গুরুত্ব পাচ্ছে।

আরেকটি বড় আলোচনার বিষয় হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি ও কর্মসূচি। শিক্ষার্থীরা নির্বাচনকে কেবল ক্ষমতা পরিবর্তনের লড়াই হিসেবে নয়, বরং শিক্ষা, কর্মসংস্থান, অর্থনীতি ও মতপ্রকাশের স্বাধীনতা—এই বিষয়গুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি প্রক্রিয়া হিসেবে দেখছেন। তরুণদের সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা কতটা গুরুত্ব পাচ্ছে, সেটিও তাঁদের ভাবনায় রয়েছে।

ক্যাম্পাস রাজনীতির প্রভাবও আলোচনায় আসছে। শিক্ষার্থীদের মধ্যে ধারণা রয়েছে—জাতীয় রাজনীতির উত্তাপ বিশ্ববিদ্যালয় পরিবেশকে প্রভাবিত করতে পারে। তাই শিক্ষাঙ্গনে সহনশীলতা বজায় রাখা এবং শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখার বিষয়টিও তাঁদের ভাবনায় গুরুত্ব পাচ্ছে।

প্রাচ্যকলা বিভাগের শিক্ষার্থী সুরাইয়া মাহমুদ শিশির বলেন, ‘একজন শিক্ষার্থী হিসেবে আমি চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা যেন পুরোপুরি নিশ্চিত হয়।

তরুণদের শিক্ষা, কর্মসংস্থান ও গবেষণার বিষয়গুলো নির্বাচনে গুরুত্ব পাক এবং এই নির্বাচন সহিংসতা ও দলীয় দখলদারিত্বের রাজনীতি থেকে বেরিয়ে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে ভূমিকা রাখুক—এটাই আমার প্রত্যাশা।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীর জয়নাল ইসলাম সাদেক বলেন, ‘একজন শিক্ষার্থী হিসেবে আমি চাই ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক, যাতে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয়।

নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা গঠনে গুরুত্ব দেবেন—এটাই আমার প্রত্যাশা। সহিংসতা ও পেশিশক্তিমুক্ত নির্বাচন হলে গণতন্ত্রের প্রতি তরুণদের আস্থা বাড়বে এবং দেশ সুশাসন ও ন্যায়ভিত্তিক উন্নয়নের পথে এগোবে বলে আমি বিশ্বাস করি।’

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী তানজিন ইশরাত দীনা বলেন, ‘আমি চাই নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হোক, কোনো কারচুপি বা সহিংসতা যেন না ঘটে। যে দলই সরকার গঠন করুক, তারা জনগণের প্রতি জবাবদিহি রাখুক এবং জনগণের স্বার্থকে প্রথমে গুরুত্ব দিক।

পরিবারতন্ত্রভিত্তিক শাসন হোক না, ক্ষমতার জন্য একক শাসনের মানসিকতা বাদ পড়ুক। সাধারণ মানুষের কাছে আহ্বান—ভোট দিন প্রার্থীর যোগ্যতা, সততা ও ব্যক্তিত্ব অনুযায়ী, শুধু দলীয় প্রতীকে নয়।’

দর্শন বিভাগের শিক্ষার্থী সুইটি বিশ্বাস বলেন, ‘গণভোট জনগণের সরাসরি মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক মাধ্যম। বাংলাদেশের সংবিধানেও জনগণকে রাষ্ট্রক্ষমতার উৎস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা গণভোটের ধারণাকে আরও গুরুত্ব দেয়।

জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে সাংবিধানিক বা নীতিগত বিষয়ে জনগণের মতামত জানার কার্যকর উপায় হতে পারে গণভোট। তবে বাংলাদেশের বাস্তবতায় গণভোট সফল করতে হলে অবাধ ও সুষ্ঠু পরিবেশ, নিরপেক্ষ প্রশাসন এবং জনগণের কাছে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য পৌঁছানো নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনকে আমি শুধু ভোট দেওয়ার বিষয় নয়, বরং আগামীর বাংলাদেশ গড়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখি। এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়—এটাই একজন শিক্ষার্থী হিসেবে আমার প্রত্যাশা।

শিক্ষা ও গবেষণায় গুরুত্ব দেওয়া, শিক্ষার্থীদের জন্য টেকসই কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করা এখন খুব জরুরি। নির্বাচনের মাধ্যমে এমন নেতৃত্ব আসুক, যারা সৎ ও দায়িত্বশীল হবে এবং তরুণ সমাজের ভবিষ্যৎ নিয়ে বাস্তব ও ইতিবাচক সিদ্ধান্ত নেবে।’

সব মিলিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়; এটি দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, তরুণ সমাজের অংশগ্রহণ এবং রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবেই বিবেচিত হচ্ছে। প্রত্যাশা ও সংশয়ের মধ্য দিয়ে রাবি ক্যাম্পাস এখন তাকিয়ে আছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের দিকে।

শিক্ষাঙ্গন

নিঃশর্ত ক্ষমা চেয়ে ডাকসু থেকে পদত্যাগ করলেন সর্বমিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে যাওয়া প্রায় ২৫–৩০ জন কিশোর-তরুণকে কানে ধরে উঠবস করানোর ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। এ ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-২ নামে ঢাবি শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে […]

নিউজ ডেস্ক

২৬ জানুয়ারী ২০২৬, ১৫:৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে যাওয়া প্রায় ২৫–৩০ জন কিশোর-তরুণকে কানে ধরে উঠবস করানোর ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। এ ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-২ নামে ঢাবি শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে দেওয়া পোস্টে এমন তথ্য জানিয়েছেন সর্বমিত্র নিজেই। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ ও জিমনেসিয়ামে শিক্ষার্থীদের কান ধরে ওঠবস করানোর জন্য ক্ষমাও চেয়েছেন।

পোস্টে সর্বমিত্র লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ একটি গুরুতর নিরাপত্তা সংকটে রূপ নিয়েছে। বহিরাগত ব্যক্তিদের দ্বারা প্রায় নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনা ঘটে , মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ন্যক্কারজনক ঘটনা ঘটে। এসব ঘটনা শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ও নিরাপদ পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করছে।

তিনি বলেন, উদ্বেগজনক বিষয় হলো, এই পরিস্থিতি সম্পর্কে শিক্ষার্থীরা বারবার প্রশাসনকে অবগত করলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শারীরিক শিক্ষা কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়নি, নিরাপত্তা জোরদার করা হয়নি, এমনকি বহিরাগতদের প্রবেশ রোধে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হয়নি। প্রশাসনের এই দীর্ঘস্থায়ী নীরবতা ও অসহযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তার অভিযোগ, বহিরাগতরা নিয়মিতভাবে ঢাকা মেডিকেল কলেজের বিপরীত পাশের দেয়াল টপকে প্রবেশ করে। তাদের একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তারা তা অগ্রাহ্য করেছে। নিষেধ করতে গেলে তারা উল্টো স্টাফদের লক্ষ্য করে ঢিল ছুঁড়ে পালিয়ে যায়—যা একটি চরম নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত বহন করে। এমন বাস্তবতায় শিক্ষার্থীরা বারবার অভিযোগ জানালেও কার্যকর সমাধান না আসায় ক্ষোভ ও আতঙ্ক ক্রমেই বাড়তে থাকে।

প্রশাসনিক ব্যর্থতা উল্লেখ করে সর্বমিত্র বলেন, এই প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীনতার মধ্যে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমি বহিরাগতদের প্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে তাদের কান ধরে উঠবস করাতে বাধ্য হই। এটি কোনোভাবেই আমার প্রত্যাশিত বা কাম্য আচরণ ছিল না। আমি স্বীকার করছি—এভাবে কাউকে শাস্তি দেওয়া আমার উচিত হয়নি এবং এই ঘটনার জন্য আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি।

সর্বশেষ পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, একই সাথে ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ হতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত , কারো প্রতি ক্ষুব্ধ বা অভিমানবশত নয়। আমি মনে করি, শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে আমাকে প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন , আমি সে প্রত্যাশা পূরণ করতে সক্ষম হইনি। প্রশাসনের অসহযোগিতা এবং ব্যর্থতার দায় মাথায় নিয়ে, আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

শিক্ষাঙ্গন

ভাষা শহিদদের প্রতি সাদিক কায়েম-ফরহাদদের শ্রদ্ধা, ফেসবুক পোস্টে সর্ব মিত্র চাকমার ক্ষোভ

শুক্রবার দিবাগত রাতে (২১ ফেব্রুয়ারি) বিটিভির সৌজন্যে পাওয়া শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের লাইভ অনুষ্ঠানের একটি স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেন সর্ব মিত্র। ওই পোস্টে তিনি ক্ষোভ নিয়ে লিখেছেন, ‘হেমা চাকমা, ফাতেমা তাসনিম জুমা, সর্ব মিত্র চাকমা, রাফিয়া, উম্মে সালমা and others আমরা বাংলাদেশ টেলিভিশনের বদৌলোতে জানলাম ডাকসু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেছে, হাহা!’ রাত ১২টা […]

ভাষা শহিদদের প্রতি সাদিক কায়েম-ফরহাদদের শ্রদ্ধা, ফেসবুক পোস্টে সর্ব মিত্র চাকমার ক্ষোভ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭

শুক্রবার দিবাগত রাতে (২১ ফেব্রুয়ারি) বিটিভির সৌজন্যে পাওয়া শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের লাইভ অনুষ্ঠানের একটি স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেন সর্ব মিত্র।

ওই পোস্টে তিনি ক্ষোভ নিয়ে লিখেছেন, ‘হেমা চাকমা, ফাতেমা তাসনিম জুমা, সর্ব মিত্র চাকমা, রাফিয়া, উম্মে সালমা and others আমরা বাংলাদেশ টেলিভিশনের বদৌলোতে জানলাম ডাকসু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেছে, হাহা!’

রাত ১২টা ৪৮ মিনিটে দেয়া পোস্টটিতে এক ঘণ্টায় প্রায় ৬ হাজারের মতো রিঅ্যাকশন পড়েছে। আর কমেন্ট করা হয়েছে দুইশ’র বেশি। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীরা নানা ধরনের সমালোচনা করেছেন। বিষয়টিকে ডাকসু সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল হিসেবে দেখছেন কমেন্টকারীরা।

সর্ব মিত্রের স্ক্রিনশটটিতে দেখা যায় ডাকসু ভিপি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ছাড়াও আরও কয়েকজন মিলে শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়েছেন।

শিক্ষাঙ্গন

গলা কেটে শিক্ষিকাকে হত্যার পর নিজেই আত্মহননের চেষ্টা সহকর্মীর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কক্ষে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে

প্রতিনিধি ডেস্ক

০৪ মার্চ ২০২৬, ২০:২৪

ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কক্ষে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরে ওই কক্ষেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকেও আত্মহননের চেষ্টা অবস্থায় দেখেছেন ওই ভবনের কর্তব্যরত আনসার সদস্য ও বিভাগের কয়েকজন শিক্ষার্থী। বুধবার (০৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, আজ বিভাগটির আয়োজনে ইফতার মাহফিল থাকায় সাড়ে ৩টায় অফিস শেষেও শিক্ষক-শিক্ষার্থীরা বিভাগে অবস্থান করছিলেন। বিকাল আনুমানিক ৪ টার দিকে সভাপতির নিজ কক্ষে চিৎকারের আওয়াজ শুনে ভবনের নিচে থাকা আনসার সদস্য ও কয়েকজন শিক্ষার্থী এসে দরজা ধাক্কাধাক্কি করে। দরজা ভেতর থেকে আটকানো থাকায় তারা দরজা ভেঙ্গে ওই শিক্ষিকার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন এবং পাশেই ফজলুরকে নিজেই নিজের গলায় ছুরি চালাতে দেখেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশকে জানালে তারা এসে দুজনের রক্তাক্ত দেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ওই কর্মচারীও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

বিভাগ সূত্র জানা যায়, ফজলুর রহমান দীর্ঘদিন যাবত সমাজকল্যাণ বিভাগে কর্মরত ছিল। পরে তার বেতন বৃদ্ধি নিয়ে মাসখানেক আগে বিভাগের সভাপতির সঙ্গে বাকবিতন্ডা হয়। পরে তাকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করা হয়। শিক্ষার্থীদের ধারণা, এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আজকের ঘটনা ঘটতে পারে।

ভবনের নিচে থাকা এক আনসার সদস্য বলেন, ঘটনার সময় আমরা এখানে চারজন গল্প করছিলাম। সিভিল লোকও ছিলেন ৩-৪ জন। হঠাৎ আমরা বাঁচাও বাঁচাও শব্দ শুনি। তারপর একসঙ্গে ওপরে উঠে চেয়ারম্যানের রুমের বাইরে ডাকাডাকি করি। পরে দরজা না খুললে ভেঙে ফেলি। তারপর দেখি যে ম্যাডাম উপুড় হয়ে রক্তাক্ত অবস্থায় শুয়ে আছেন। আর কর্মচারী নিজেই নিজের গলায় ছুরি চালাচ্ছিলেন। পরে আমরা প্রশাসনের কাছে ফোন দেই।

সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী মাহমুদ জানান, ফজলুকে বদলি করা হয় প্রায় ২ মাস আগে। তবে উনি এটা মেনে নিতে পারছিলেন না। এটা নিয়ে অনেক রেষারেষিও হচ্ছিল। বিষয়টি এ রকম পর্যায়ে যাবে এটা আমরা ভাবতেও পারিনি। আমরা ওদিকে ব্যস্ত ছিলাম। আমাদের ৫টায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল। এর মাঝে ডিপার্টমেন্টে কোনো কর্মচারী, কর্মকর্তা কেউ ছিলেন না। আমরা ছিলাম ওই রুমে। এই সুযোগে উনি এই আত্মঘাতী ঘটনাটি ঘটালেন। ম্যামের রুম আগে থেকে লক করা ছিল না। ওই কর্মচারী রুমে ঢুকে লক করে দেন।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ঘটনা শুনেই আমরা পুলিশ প্রশাসনকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। এসময় একজনের নিথর দেহ ও একজনকে নড়াচড়া অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠাই। পরে জানতে পারি কর্তব্যরত চিকিৎসক শিক্ষককে মৃত ঘোষণা করেন।

ইবি থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, আমরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হই। পরে ওই কক্ষ থেকে দুই জনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠাই। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিক্ষককে মৃত ঘোষণা করে। এছাড়া আরেকজন চিকিৎসাধীন অবস্থায় আছেন।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার (শিক্ষিকা) অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। আমরা এখানে আসার পর তাকে প্রাথমিকভাবে মৃত হিসেবে পাই। প্রাথমিক অবজারভেশনে শিক্ষিকার গলা কাটা হয়েছে। এছাড়া তারা হাতে ও পায়ে কিছু ইনজুরি রয়েছে।