ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান–কে ভোট দিতে চান ৩৯.৫ শতাংশ ভোটার। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন–কে ভোট দিতে আগ্রহী ৩০ শতাংশ ভোটার। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও এডভোকেসি সংস্থা সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিডিবিএল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করেন সংস্থাটির প্রেসিডেন্ট ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমদ। তিনি জানান, ঢাকা-১৫ আসনের জরিপে মোট ৫১৪ জন ভোটার অংশ নেন, যার মধ্যে পুরুষ ৫৯.১ শতাংশ এবং নারী ৪০.৯ শতাংশ।
জরিপ অনুযায়ী, এ আসনের ১৪.৪ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন এবং ১২.১ শতাংশ মতামত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। বয়সভিত্তিক বিশ্লেষণেও জামায়াত আমির সব বয়সী ভোটারদের মধ্যে এগিয়ে রয়েছেন বলে জরিপে উল্লেখ করা হয়।
কোন প্রার্থী বিজয়ী হবেন—এমন প্রশ্নে ৪৯.২ শতাংশ ভোটার মনে করেন ডা. শফিকুর রহমান জয়ী হবেন, আর ৩২.৫ শতাংশ মনে করেন বিএনপি প্রার্থী মিল্টন বিজয়ী হবেন।
ড. শিব্বির আহমদ বলেন, অতীতের বিভিন্ন নির্বাচনে সোচ্চারের জরিপ প্রকৃত ফলাফলের সঙ্গে উচ্চ মাত্রায় সামঞ্জস্যপূর্ণ ছিল। তাই এই জরিপও বাস্তব চিত্র অনুধাবনে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।