বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যারা দেশের উন্নয়নের জন্য স্পষ্ট ও বাস্তবসম্মত রূপরেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন হুমায়ুন কবির। তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়নের দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পুরানবাজার এলাকায় ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে এবং প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। তিনি অভিযোগ করে বলেন, “৩১ দফার মতো সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনা বিএনপি ছাড়া আর কেউ দেয়নি। অন্যরা কেবল বিএনপির সমালোচনায় ব্যস্ত।”
তিনি আরও বলেন, ভোট কোনো তামাশার বিষয় নয়। বিএনপি মানুষের সামনে উন্নয়নের পথ তুলে ধরেই রাজনীতি করে। ধানের শীষ প্রতীককে সিলেট বিভাগের উন্নয়নের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, “একবার ধানের শীষে ভোট দিয়ে দেখুন, হাজী মুজিব কীভাবে শ্রীমঙ্গল-কমলগঞ্জ এলাকার চেহারা বদলে দেন।”
চা শ্রমিকদের প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে শ্রীমঙ্গলের চা শ্রমিকদের জন্য মানসম্মত বেতনের ব্যবস্থা করা হবে, যাতে তারা সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান-এর উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করে তিনি বলেন, তারেক রহমান দায়িত্ব দিলে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল এলাকার উন্নয়ন ধারাকে আরও এগিয়ে নেওয়া হবে। এজন্য তিনি ভোটারদের একবার ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন মৌলভীবাজার-৪ আসনের ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন এবং বিএনপি নেতা ভিপি মিজানুর রহমান মিজানসহ অন্যান্য নেতৃবৃন্দ।