ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং ভোলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে বিএনপির আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব দাবি তুলে ধরেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আন্দালিভ রহমান পার্থ বলেন, তারেক রহমান দেশে ফিরে ইতোমধ্যেই মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন। আগামী নির্বাচনের পর তিনি রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন—এমন আশাবাদ ব্যক্ত করে পার্থ বলেন, “ভোলাবাসীর পক্ষ থেকে আমাদের প্রথম দাবি, আপনি ভোলা-বরিশাল সেতু নির্মাণ করে দেবেন।”
তিনি আরও বলেন, ভোলাকে শুধু গ্যাসের উৎস হিসেবে দেখলে চলবে না; এই জেলাকে শিল্পায়নের আওতায় আনতে হবে। ভোলার সম্পদ কীভাবে নেওয়া হবে—এ নিয়ে কথা হয়, কিন্তু ভোলাকে কী দেওয়া হবে, তা কেউ বলে না বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমানকে উদ্দেশ করে পার্থ বলেন, গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির পক্ষে আজীবন থাকার বিনিময়ে ভোলায় একটি মেডিকেল কলেজ এবং ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের প্রত্যাশা রাখেন তারা। এ দুটি প্রকল্প বাস্তবায়িত হলে ভোলার যোগাযোগ, চিকিৎসা ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভাগের ছয় জেলা থেকে হাজারো মানুষ অংশ নিয়ে তারেক রহমানের প্রতি সমর্থন জানান।