বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তানের মতো একটি পিছিয়ে পড়া রাষ্ট্রে পরিণত করতে চায়। তিনি বলেন, জামায়াত এমন একটি দল যারা দেশকে সামনের দিকে এগোতে বাধা দেয় এবং পিছনের দিকে টেনে নিতে চায়। বিএনপি দেশকে পেছনে নয়, সামনে এগিয়ে নিতে চায়।
সোমবার (২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি। বক্তব্যে মির্জা ফখরুল বলেন, জামায়াতের আমির নারীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে থাকলে তা অত্যন্ত অন্যায়। নারীরা কখনোই এমন বক্তব্য মেনে নেবে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী নারীদের কর্মসংস্থান ও শিক্ষার বিরোধিতা করে। গার্মেন্টসসহ বিভিন্ন খাতে কর্মরত নারীদের কাজের সময় সীমিত করার প্রস্তাব বাস্তবসম্মত নয় বলেও উল্লেখ করেন তিনি। নারীরা কাজ না করলে তাদের জীবিকা নির্বাহ অসম্ভব হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করা জরুরি। দেশের জনসংখ্যায় নারীর সংখ্যা বেশি উল্লেখ করে তিনি বলেন, ইসলাম ধর্মেও নারীদের ন্যায্য অধিকার প্রদানের কথা বলা হয়েছে।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।