দুর্নীতি, চাঁদাবাজি ও অপশাসন বন্ধ করা গেলে মাত্র পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশের চেহারা পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে আবার যদি দেশ কোনো অপশাসনের কবলে পড়ে, তাহলে আগামী ৫০ বছরেও জাতির ভাগ্যের পরিবর্তন হবে না বলে সতর্ক করেন তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের (মিরপুর-কাফরুল) ১১ দলীয় নির্বাচনী ঐক্যের গণসংযোগ ও নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, দেশের সর্বস্তরে দুর্নীতি ও চাঁদাবাজি ভয়াবহ আকার ধারণ করেছে।
ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে ভিক্ষুক ও বাড়ির মালিক—সবাই চাঁদাবাজির শিকার হচ্ছে। ঘুষ ছাড়া কোথাও সেবা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে এবং বিচার সবার জন্য সমান হবে। প্রেসিডেন্ট থেকে ভ্যানচালক—আইনের চোখে সবাই সমান থাকবে, অপরাধী হলে কেউ রেহাই পাবে না। বিচারব্যবস্থা সঠিক থাকলে দুর্নীতি ও অপরাধ কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষা ও শিশুদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে জামায়াত আমির বলেন, সব শিশু সুশিক্ষা পেলে তারাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। বস্তিতে জন্ম নেওয়া কোনো মেধাবী শিশুও একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারে—এমন রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারির ভোটকে পরিবর্তনের সুযোগ উল্লেখ করে তিনি জনগণকে ‘হ্যাঁ ভোট’ দেওয়ার আহ্বান জানান।