কুমিল্লার দেবীদ্বারে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় নানা প্রতিশ্রুতি ও বক্তব্য দেন এগারো দলীয় ঐক্য জোটের নেতারা।
বুধবার (২৯ জানুয়ারি) দেবীদ্বার নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত এনসিপির নির্বাচনি পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি-এর মুখপাত্র ও নির্বাচন কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, এগারো দলীয় ঐক্য জোট ক্ষমতায় গেলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে এবং হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।
তিনি বলেন, ভোট চাইতে আসা প্রত্যেক প্রার্থীকে জনগণের কাছে এই হত্যাকাণ্ডের বিচারের নিশ্চয়তা দিতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছে এবং বর্তমানে ক্ষমতায় না থেকেও একটি দল একই ধরনের দমননীতি চালাচ্ছে। তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের মনোনয়ন দেওয়া যাবে না।
পথসভায় এনসিপির নির্বাচন কমিটির সদস্য সচিব মনিরা শারমিনসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। তারা নারীদের নিরাপত্তা, দুর্নীতিমুক্ত রাজনীতি এবং সন্ত্রাসমুক্ত দেবীদ্বার গড়ার আহ্বান জানান।