নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পাচদোনায় ড্রিম হলিডে পার্কের সামনে মহাসড়কে চাঁদাবাজদের হামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
আহত সাংবাদিকদের তাৎক্ষণিকভাবে মাধবদীর একটি বেসরকারি হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে ও ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন—বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ, সাংবাদিক শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, মনির হোসেনসহ ক্র্যাবের কয়েকজন স্টাফ সদস্য, বাসচালক ও হেলপার।
আহত সাংবাদিক এস এম ফয়েজ জানান, সোমবার সন্ধ্যায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বাসযোগে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে বাসটি পার্কিং করা হলে স্থানীয় একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ করলে তাদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। হামলায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।