ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, অতীতে বিএনপি ও জামায়াত সরকার পরিচালনা করলেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বরং সেই সময়গুলোতে দুর্নীতির বিস্তার ঘটেছে।
রোববার (২৫ জানুয়ারি) ময়মনসিংহ–এর ফুলবাড়িয়া ও নগরীর কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এসব জনসভায় ময়মনসিংহ-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি নুরে আলম সিদ্দিকী এবং ময়মনসিংহ-৪ আসনের মনোনীত প্রার্থীর সমর্থনে বক্তব্য দেন তিনি।
চরমোনাই পীর বলেন, তিনি হাতপাখা প্রতীকে ভোট চাইতে এসেছেন। ইসলামের স্বার্থে ঐক্য গড়ার চেষ্টা করা হলেও বাস্তবতায় নীতি ও আদর্শের প্রশ্নে ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে দেশের সর্বস্তরের মানুষ ও উলামায়ে কেরাম ইসলামী আন্দোলনের পাশে রয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, অনেকেই উন্নয়নের প্রতিশ্রুতি দেন, কিন্তু নীতির উন্নয়নের কথা বলেন না। সংসদে সঠিক নীতি প্রণয়ন ও তার বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে উন্নয়ন স্বয়ংক্রিয়ভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছাবে।
দুর্নীতি, খুন-গুম ও অর্থপাচারের সমালোচনা করে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যক্তি নয়, নীতির পরিবর্তনের রাজনীতি করে। জনসভায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।