মোদির সেবাদাসদের হাত থেকে বাংলাদেশকে চিরকালের জন্য মুক্ত করতে ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি বলেন, বর্তমানে সমাজে ইনসাফ নেই এবং দেশ একটি ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশের দিকে এগোচ্ছে না।
রোববার দুপুরে রাজধানীর ধুপখোলা মাঠ–এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ঢাকা-৬ আসনের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
অলি আহমদ বলেন, যারা নিজেদের দিল্লির সেবাদাস হিসেবে পরিচিত করেছে, তাদের হাতে বাংলাদেশের দায়িত্ব দেওয়া যায় না। দেশকে যেকোনো মূল্যে তাদের হাত থেকে মুক্ত করতে হবে। তিনি বলেন, এই মুক্তির একমাত্র পথ হলো ৫ আগস্টের আন্দোলনের পক্ষের প্রার্থীদের বিজয়ী করা।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের স্বপ্ন ছিল ন্যায়ভিত্তিক সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও অর্থনৈতিক মুক্তি। কিন্তু দীর্ঘদিন ধরে দেশ চাঁদাবাজি ও দুর্নীতির বেড়াজালে বন্দি। এখন জাতির সামনে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।
শেষে তিনি ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীররউদ্দীন পাটওয়ারীকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের বিজয়ী করলেই ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়া সম্ভব হবে।