দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলে আসা মিথ্যা প্রতিশ্রুতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন চট্টগ্রাম-১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
শুক্রবার (২৩ জানুয়ারি) চট্টগ্রামের সরাইপাড়া এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ হেলালী বলেন, নির্বাচনের সময় জনগণকে বড় বড় আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তারা ন্যায়বিচার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তার ভাষায়, “আমরা প্রতিশ্রুতির রাজনীতি করতে আসিনি। আমাদের লক্ষ্য ইনসাফ কায়েম করা এবং মানুষের প্রকৃত কল্যাণ নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, চট্টগ্রাম-১০ আসনের মানুষ শান্তি, নিরাপত্তা ও সুবিচার প্রত্যাশা করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার রক্ষা করা তাদের প্রধান অঙ্গীকার। দুর্নীতি, দখলদারত্ব ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলাই তাদের লক্ষ্য বলে জানান তিনি।
ভোটারদের উদ্দেশে জামায়াত প্রার্থী বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল, তাদের কর্মকাণ্ডের হিসাব জনগণকে নিতে হবে। মিথ্যা আশ্বাস ও ফাঁকা কথায় বিভ্রান্ত না হয়ে ইনসাফ ও ন্যায়ের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচিত হলে কথার চেয়ে কাজের মাধ্যমে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও অঙ্গীকার করেন তিনি।
গণসংযোগকালে অধ্যক্ষ হেলালী স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম, অ্যাডভোকেট জোবায়ের, আবুল হাসেম চৌধুরী, নুরুল ইসলাম নুরু, মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।