পাবনা জেলার সনামধন্য কবি, সাহিত্যিক ও চিত্রকর প্রয়াত বন্দে আলী মিয়া-এর মৃত্যু দিবস উপলক্ষে শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে পাবনা সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আকতার উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলার বিশিষ্ট কবি অধ্যাপক নূরুজ্জামান মুসাফির।
অনুষ্ঠানে কবি মুসাফির তাৎক্ষণিকভাবে রচিত বন্দে আলী মিয়ার স্মরণে একটি কবিতা পাঠ করেন। পরে তিনি তাঁর আঞ্চলিক ভাষায় রচিত জনপ্রিয় গ্রন্থ গাঁও গেরামে থেকে কিছু অংশ পাঠ করে শ্রোতাদের মুগ্ধ করেন। বক্তারা বন্দে আলী মিয়ার সাহিত্যকর্মের বহুমাত্রিকতা, তাঁর শিশু সাহিত্য, কবিতা ও উপন্যাসের গুরুত্ব তুলে ধরেন।
বাংলা সাহিত্যের বহুমাত্রিক প্রতিভা বন্দে আলী মিয়া কবিতা, উপন্যাস, নাটক, শিশু সাহিত্য ও চিত্রকর্মে সমান দক্ষতা দেখিয়েছেন। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ময়নামতীর চর, পদ্মানদীর চর, শেষ লগ্ন, অরণ্য গোধূলি প্রভৃতি। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬২) এবং একুশে পদক (১৯৮৮) লাভ করেন।
শেষে প্রয়াত কবি ও উপস্থিত সকলের জন্য দোয়া করা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।