নাটোর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের ব্যবসায়ীরা কোনো ধরনের হয়রানি, চাঁদাবাজি কিংবা রাজনৈতিক চাপ ছাড়াই নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারবেন।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি নাটোর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপির অর্থনৈতিক নীতির মূল লক্ষ্য হলো একটি স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত হলে দেশীয় ও বিদেশি বিনিয়োগ বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতি ঘুরে দাঁড়াবে।
তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর নাটোরকে একটি সন্ত্রাসের জনপদে পরিণত করা হয়েছিল। ব্যবসায়ীদের কোনো নিরাপত্তা ছিল না। আজ আমি স্পষ্ট করে বলতে চাই—নাটোরের ব্যবসায়ীরা এখন নিরাপদে ব্যবসা করবে। নাটোরের মাটিতে আর সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের কোনো জায়গা নেই।’
নাটোরের সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘নাটোরের কোনো মায়ের কোল খালি হতে দেওয়া হবে না।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি নাটোর জেলা শাখার প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম, সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হাদি সোহেল, সহসভাপতি মো. মানিক মণ্ডল এবং সিনিয়র সহসভাপতি আরিফ চৌধুরী।