গুম সংক্রান্ত এক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণে প্রথম সাক্ষী হিসেবে ভুক্তভোগী হুম্মাম কাদের চৌধুরী-এর জবানবন্দি গ্রহণ করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে হুম্মামের সাক্ষ্য রেকর্ড করা হয়।
জবানবন্দিতে হুম্মাম কাদের চৌধুরী জানান, ২০১৬ সালের ৪ আগস্ট তাকে গুম করা হয়। শুধুমাত্র বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে তাকে বারবার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি। নির্যাতনের ফলে তার সারা শরীরে ঘা ও জখমের সৃষ্টি হয় এবং পায়ের একটি অংশে বড় ফোঁড়াও দেখা দেয়।
তিনি বলেন, গোপন বন্দিশালায় (আয়নাঘর) আটকে রাখা অবস্থায় একটি টেবিলের নিচে লাল কালি দিয়ে লেখা ‘সিটিআইবি’ শব্দ দেখতে পান। সেখানে দিন গণনা করতেন খাবারের ধরন দেখে। সকালে রুটি দেওয়া হলে বুঝতেন নতুন দিন শুরু হয়েছে, আর দুপুর ও রাতে দেওয়া হতো ভাতের সঙ্গে মাছ অথবা মুরগি ও সবজি।
হুম্মাম আরও জানান, প্রথম দুই মাস দেয়ালে একটি পেরেক দিয়ে দাগ কেটে কেটে দিন গুনতেন। বন্দিদশায় তাকে বলা হয়েছিল, ‘যদি মেরে ফেলি, তাহলে আব্বার সঙ্গে দেখা হবে; আর ছেড়ে দিলে আম্মার সঙ্গে।’