মো: বনি আহাম্মেদ,ঝিনাইদহ প্রতিনিধি
জামায়াত নেতা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু এ ঘোষণা দেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান সাজেদুর রহমান পপপু।
স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমির হামজা তার বিকৃত বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কমেন্টের মাধ্যমে সমর্থন জানান।
এ বিষয়ে সাজেদুর রহমান পপপু বলেন, ‘আরাফাত রহমান কোকো শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান।
একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বিকৃত ও কুরুচিপূর্ণ মন্তব্য ইসলাম কখনোই সমর্থন করে না। তার এই বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে ঢুকতে দেওয়া হবে না।’
উল্লেখ্য, ওয়াজ মাহফিলের মৌসুমে মুফতি আমির হামজা ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে অসংখ্য মাহফিলে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে থাকেন। কুষ্টিয়া ও ঝিনাইদহ পার্শ্ববর্তী জেলা হওয়ায় দুই জেলার মানুষের মধ্যে নিয়মিত যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও আত্মীয়তার সম্পর্ক রয়েছে।
এ ঘটনার পর মুফতি আমির হামজার মন্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়া ও ঝিনাইদহ জুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।