ভারতের দক্ষিণ বেঙ্গালুরুর জিগানি সংলগ্ন পোডু গ্রামে উচ্ছেদ অভিযান চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার ওই নারীর বয়স আনুমানিক সাতাশ বছর। অভিযোগ রয়েছে, তিনি বেঙ্গালুরুতে অবৈধভাবে বসবাস করছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই নারী গত কয়েক বছর ধরে বেঙ্গালুরুর পোডু গ্রামে স্বামীর সঙ্গে বসবাস করছিলেন এবং গৃহপরিচারিকার কাজ করতেন। উচ্ছেদ অভিযানের সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জেসিবি দিয়ে অভিযান চালাচ্ছিলেন। সেই সময় তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং এতে পুলিশের দৃষ্টি আকর্ষণ হয়।
ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, উচ্ছেদ অভিযানের সময় ভিডিও ধারণকারী ব্যক্তি ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিচ্ছিলেন। সেই মুহূর্তে ওই নারী ‘জয় বাংলা’ স্লোগান দেন। কয়েক সেকেন্ড পর তিনি ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে শুরু করলেও এর মধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভাইরাল ভিডিওর পরিপ্রেক্ষিতে হেব্বাগোডি থানার হেড কনস্টেবল ভূষা বেন্দ্র গত ১১ জানুয়ারি একটি অভিযোগ দায়ের করেন। পুলিশের অভিযোগে বলা হয়, অসৎ উদ্দেশ্য নিয়েই ওই নারী ‘জয় বাংলা’ স্লোগান দেন। পাশাপাশি ভারতে অবস্থান করে অন্য একটি দেশের স্লোগান তোলাকে ভারতের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে উল্লেখ করা হয়।
গ্রেপ্তার নারীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৫২ ধারা (ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতাকে বিপন্নকারী কাজ), ১৯৬ ধারা (ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থান, ভাষা ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য ক্ষতিকর কাজ করা), ১৯৭ ধারা (জাতীয় সংহতির জন্য ক্ষতিকর অভিযোগ, দাবি) এবং ৩৫৩ ধারা (জনসাধারণের ক্ষতির কারণ হতে পারে এমন বিবৃতি) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?