ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগকারী নেত্রী তাসনূভা জাবীন নির্বাচনের জন্য পাওয়া অনুদানের টাকা ফেরত দেওয়া শুরু করেছেন। বুধবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, এ পর্যন্ত মোট অনুদানের প্রায় ৫৭ শতাংশ বা ৮ লাখ ৭৭ হাজার ১১২ টাকা ফেরত দেওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে তাসনূভা জাবীন লেখেন, যাদের অনুদানের টাকা এখনো তার কাছে রয়েছে—বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থ—সেগুলো ফেরত দিতে অনুদানদাতাদের সহযোগিতা প্রয়োজন। অনুদানদাতাদের শনাক্ত করতে না পারায় কিছু অর্থ এখনো ফেরত দেওয়া সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, যাদের শনাক্ত করা গেছে, তাদের সবাইকে টাকা ফেরত দেওয়া হয়েছে। বিকাশের মাধ্যমে এক হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত যারা অনুদান পাঠিয়েছিলেন, তাদের প্রায় সবাই ফেরত পেয়েছেন। এছাড়া রেমিট্যান্সের মাধ্যমে পাঠানো অর্থ ফেরত দিতে সংশ্লিষ্ট দাতাদের স্থানীয় অ্যাকাউন্টের তথ্য প্রয়োজন বলে জানান তিনি।
টাকা ফেরত সহজ করতে অনুদানদাতাদের একটি অনলাইন ফর্ম পূরণ করার অনুরোধ জানিয়ে তাসনূভা জাবীন বলেন, এতে দ্রুত অর্থ ফেরত দেওয়া সম্ভব হবে। পাশাপাশি অনুদান ফেরত দিতে গিয়ে অনেকের সঙ্গে ফোনে কথা হয়েছে উল্লেখ করে তিনি জানান, কেউ টাকা ফেরত দাবি করেননি; বরং সবাই তাকে শুভকামনা ও সাহস জুগিয়েছেন।
তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে তিনি কতটা এগোতে পারবেন, তা সময়ই বলে দেবে