ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২৮ দিন বাকি। এই সময়কে সামনে রেখে রাষ্ট্রকাঠামো মেরামতের ঘোষিত ৩১ দফা ও জনকল্যাণমুখী ইস্যুকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনি ইশতেহার চূড়ান্ত করার পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নীতিনির্ধারক সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই স্থায়ী কমিটির বৈঠকে ইশতেহার অনুমোদন দেওয়া হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ইশতেহার তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। ২০ জানুয়ারির মধ্যে এটি চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জানা গেছে, এবারের ইশতেহারে বিশেষ গুরুত্ব পাচ্ছে গণ-অভ্যুত্থান-পরবর্তী তরুণ প্রজন্মের প্রত্যাশা। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি, পরিবেশ, ক্রীড়া ও সামাজিক নিরাপত্তাসহ আটটি খাতে জনকল্যাণমূলক প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সাম্প্রতিক বক্তব্যের আলোকে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ধারণাটিও ইশতেহারে যুক্ত হচ্ছে।
দলটি নির্বাচিত হলে প্রথম ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিচ্ছে বিএনপি। পাশাপাশি যুক্তরাজ্যের আদলে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ গড়ে তোলার পরিকল্পনার কথাও থাকছে ইশতেহারে। পর্যবেক্ষকরা বলছেন, তরুণ ভোটারদের আকর্ষণ করতেই ইশতেহারে ভবিষ্যৎমুখী এই প্রতিশ্রুতিগুলো গুরুত্ব পাচ্ছে।