বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে এসব চক্রান্তে বিএনপি কোনোভাবেই পা দেবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন তিনি।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বারডেম জেনারেল হাসপাতাল-এ বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কোরআন, দোয়া ও শোক সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, যারা নির্বাচন বানচালের জন্য সন্ত্রাস ও অস্থিরতা সৃষ্টি করছে, তারা আদতে নির্বাচনের জন্য প্রস্তুত নয়। তাদের উদ্দেশ্য গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করা। বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না।
বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে মির্জা আব্বাস বলেন, আজ দেশে কথা বলার সুযোগ, নির্বাচন করার পরিবেশ—সবকিছুই তার ত্যাগের ফল। তিনি নিজের জীবন বাজি রেখে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করেছেন, এজন্য দেশের মানুষ তার কাছে চিরকৃতজ্ঞ।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপির বক্তব্য ইচ্ছাকৃতভাবে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। একটি গোষ্ঠী বিপুল অর্থ ব্যয় করে অপপ্রচার চালাচ্ছে এবং বিশেষভাবে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে। এ সময় নেতাকর্মীদের এসব অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চারভাবে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।