পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি জেএফ-১৭ থান্ডার ব্লক যুদ্ধবিমান সংগ্রহে গভীর আগ্রহ প্রকাশ করেছে ইরাক। দুই দেশের বিমানবাহিনী প্রধানদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনেও এ তথ্য উঠে এসেছে।
আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, ইরাক সফরকালে পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু বাগদাদে ইরাকি বিমানবাহিনীর সদর দপ্তরে দেশটির বিমানবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহানাদ ঘালিব মোহাম্মদ রাদি আল-আসাদির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং অপারেশনাল সমন্বয় জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
আইএসপিআর জানায়, ইরাকি বিমানবাহিনীর প্রধান পাকিস্তান বিমানবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ও সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সংগ্রহে আগ্রহ প্রকাশ করেন।
এদিকে, সাম্প্রতিক সময়ে জেএফ-১৭ যুদ্ধবিমানের প্রতি বৈশ্বিক আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আজারবাইজান, নাইজেরিয়া ও লিবিয়ার সঙ্গে বড় অঙ্কের চুক্তির পাশাপাশি বাংলাদেশও এই যুদ্ধবিমান সংগ্রহে সম্ভাব্য আগ্রহ দেখিয়েছে বলে আইএসপিআর জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এসব চুক্তি আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে পাকিস্তানের অবস্থান আরও শক্তিশালী করছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?