নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনা সদরে “মোহনগঞ্জ এক্সপ্রেস” ট্রেনের ধাক্কায় দুইজন অটো রাইস মিলের শ্রমিক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলার চল্লিশা রেল স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। তারা চল্লিশার জীবন কুমার সাহা’র “তমাল তম্ময়” অটো রাইসমিলের শ্রমিক হিসেবে কাজ করতো।
নিহতরা হলেন- রাসেল ইসলাম (২৫) ঝিনাইগাতী জেলার শেরপুর উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমান ছেলে, অপরজন আকাশ রায় (২৪) দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার ছোটবাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, রাসেল ইসলাম ও আকাশ রায় দীর্ঘ এক বছর ধরে নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা “তমাল তন্ময়” অটো রাইসমিলে শ্রমিকের কাজ করতেন। শনিবার বিকালে তাদের সহকর্মীদের ৭/৮জনের একটি দল কাজ শেষে বাহিরে ঘুরতে যান। রেল লাইন দিয়ে চল্লিশা স্টেশনে যাওয়ার সময় ঢাকা থেকে মোহনগঞ্জগামী “মোহনগঞ্জ এক্সপ্রেস” ট্রেন আসে। তাদের মধ্যে আকাশ ও রাসেল ট্রেনের ধাক্কায় রাস্তার পাশে পড়ে যায়। পরে তাদের সাথের লোকজন রাসেল ও আকাশকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে রেল লাইনের সড়কের পাশে আহত অবস্থায় খুঁজে পায় তারা। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ শ্রদ্ধানন্দ নাথ বলেন, আকাশ ও রাসেল নামে দুইজনকে কয়েকজন হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের সাথে আসা লোকজনের তথ্য মতে ট্রেনের ধাক্কায় মারা গেছে।
শ্যামগঞ্জ জিআরপি পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক নূরুল ইসলাম বলেন, শুনেছি নেত্রকোনার চল্লিশায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুইজন লোক মারা গেছে। কাগজ পত্র প্রস্তুত করে করে সদর হাসপাতালে যাব। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।