নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রয়োজনীয় ক্ষমতা থাকলেও তা কার্যকরভাবে প্রয়োগ না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, ইসির দাঁত আছে, কিন্তু শুধু দাঁত থাকলেই হবে না—মব দমনে দাঁত দিয়ে কামড় দিতে হবে।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপার প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। শামীম হায়দার পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশনকে শুধু কাগজে-কলমে নয়, বাস্তবেও পুরো দেশের নিয়ন্ত্রণ নিতে হবে। একই সঙ্গে বর্তমান সরকারকেও নিয়ন্ত্রণে রেখে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
তিনি অভিযোগ করেন, মব পরিস্থিতির কারণে তাদের অনেক প্রার্থী সময়মতো ছোটখাটো ত্রুটি সংশোধনের সুযোগ পাননি, যার ফলে মনোনয়ন বাতিলের ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, মব দমন না করলে সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই।
দলের মনোনয়ন পরিস্থিতি তুলে ধরে জাপা মহাসচিব জানান, জাতীয় পার্টি থেকে ২৪৪ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এর মধ্যে ২২৪ জন মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তারা ৩০ জনের মনোনয়ন বাতিল করেন। পরে ২৫ জনের বেশি প্রার্থী আপিল করেন। প্রথম দফায় চারজনের মনোনয়ন বৈধ হয়েছে এবং একটি আবেদন এখনো বিচারাধীন রয়েছে। বাকিগুলোও বৈধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।