ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারাও শোকাহত হলেও এ বিষয়টি ঘিরে বাড়াবাড়ি লক্ষ্য করা যাচ্ছে, যা নির্বাচনি পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
তিনি অভিযোগ করেন, প্রশাসন একটি বিশেষ দিকে ঝুঁকে পড়েছে, ফলে একপক্ষীয় নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে খুলনার জামিয়া রশিদীয়া গোয়ালখালী মাদ্রাসা অডিটোরিয়ামে খুলনা মহানগর ও জেলা ইসলামী আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে, ততই দেশের ভেতরে একটি দুষ্টচক্র সক্রিয় হয়ে উঠছে। তারা জনগণের মধ্যে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনি পরিস্থিতি বাধাগ্রস্ত করতে চাইছে। এ অবস্থায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হয়ে খুনি ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, লুট হওয়া অর্থ ও অবৈধ অস্ত্র উদ্ধারে দৃশ্যমান তৎপরতা নেই। লেভেল প্লেয়িং ফিল্ডের ভারসাম্য নষ্ট হচ্ছে। কোনো কোনো রাজনৈতিক নেতা বিশেষ সুবিধা ও ভিআইপি প্রটোকল পাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
একই সঙ্গে বিভ্রান্তিকর জরিপের মাধ্যমে জনমতকে প্রভাবিত করার অপচেষ্টার কথাও তুলে ধরেন ইসলামী আন্দোলনের আমির।
সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ