জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১২–দলীয় জোটের কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শহীদ ওসমান হাদি রাষ্ট্রে যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই ইনসাফ বাস্তবায়নের দায়িত্ব এখন তাদের কাঁধে। তিনি বলেন, শহীদ হাদির স্বপ্ন ছিল চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া, যেখানে সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দেবিদ্বারের রসুলপুর ইউনিয়নের গোপালনগর নিজ গ্রামে আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, শহীদ ওসমান হাদি সাধারণ মানুষের কাছে মুড়ি-বাতাসা নিয়ে গিয়েছিলেন এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু চাঁদাবাজি ও আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে বাঁচতে দেওয়া হয়নি।
তিনি দাবি করেন, বর্তমানে চাঁদাবাজরা আতঙ্কিত হয়ে ভোটারদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। তবে ভয় দেখানোর রাজনীতি আর চলবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। হাসনাত বলেন, টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি তিনি প্রত্যাখ্যান করেন এবং প্রয়োজনে ভোট ভিক্ষা করবেন, কিন্তু ঘুষের রাজনীতি করবেন না।
তিনি স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেককে ভোটারদের কাছে গিয়ে শাপলা কলির ভোট নিশ্চিত করতে হবে। আগামী ২১ জানুয়ারি থেকে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলেও জানান তিনি।